রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের জন্য বড় শিক্ষা, বললেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

মক্কার মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে সাজা; মৃত্যুদণ্ড কার্যকরের আগে আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ। শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে প্রবাসীদের জন্য বড় শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশিরা বিশ্বের যে দেশেই অবস্থান করুন না কেন, সেই দেশের আইন মেনে চলতে হবে। বিদেশের মাটিতে কোনো অপরাধে জড়িয়ে পড়লে তার পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে।

শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছ থেকে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি। ঘটনার প্রকৃত বিবরণ জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগ ছিল ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে। সৌদি আইনে এটি গুরুতর অপরাধ। দেশটির আইন অনুযায়ী আদালত তাদের সাজা দিয়েছেন বলে জানা গেছে।

তিনি জানান, সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। একই সঙ্গে দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা-ও স্পষ্ট হবে।

মৃত্যুদণ্ডের খবর জানায় সৌদি প্রেস এজেন্সি

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

মৃত্যুদণ্ডের আগে বাংলাদেশকে জানানো হয়নি

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের একটি সূত্র জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি কনস্যুলেটের নজরে আসে। এরপর ঘটনার বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।

সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই মৃত্যুদণ্ড কার্যকরের প্রেক্ষাপট, সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বিদেশে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের জন্য নতুন করে সতর্কবার্তা হয়ে এসেছে। সংশ্লিষ্ট দেশের আইন, সামাজিক রীতিনীতি ও বিধিবিধান সম্পর্কে সচেতন থাকা এবং সেগুলো মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।