গুলিবিদ্ধ আরাফাত। ছবি সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে আরাফাত (২৫) নামে এক যুবককে ধাওয়া করে গুলি ছুড়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এ গুলির ঘটনা ঘটে। আহত আরাফাত বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী। তিনি জানান, গুলির ঘটনায় পুলিশ তদন্ত করছে।
ধাওয়া করে প্রায় আধা কিলোমিটার দূরে গুলি
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মদুনাঘাট বাজার এলাকা থেকে হঠাৎ এক যুবক দৌড়াতে শুরু করেন। কিছুক্ষণ পর দেখা যায়, ৩ থেকে ৪ জন অস্ত্রধারী যুবক আরাফাতকে ধাওয়া করছেন।
ধাওয়া করতে করতে তারা প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় পৌঁছায়। সেখানে আরাফাতকে লক্ষ্য করে গুলি ছোড়ে অস্ত্রধারীরা। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আরাফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
তদন্তে পুলিশ
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘দক্ষিণ মাদার্শার আরাফাত নামের এক যুবককে গুলি করার খবর পেয়েছি। আহত যুবক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ জানিয়েছে, কী কারণে আরাফাতকে ধাওয়া করে গুলি করা হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
