মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ভেড়ামারায় স্বাস্থ্যকর্মীদের ২ ঘণ্টার কর্মবিরতি

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

চিকিৎসাকর্মীদের হুঁশিয়ারি—দোষীদের গ্রেফতার না হলে আরও কঠোর আন্দোলন। ফাইল ছবি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও বিএমটিএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফার্মাসিস্ট মো. আরিফুল ইসলামের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় ২ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্যকর্মীরা।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ভেড়ামারা ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় বিএমটিএ কমিটির ডাকে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসাসেবার মতো মানবিক পেশার সঙ্গে সম্পৃক্ত দায়িত্বশীল ব্যক্তিদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার এতদিন পেরিয়ে গেলেও মূল হামলাকারীদের আইনের আওতায় আনা না হওয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতির সময় হাসপাতালের জরুরি বিভাগের সেবা স্বাভাবিক থাকলেও বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হয়।

আন্দোলনকারীরা জানান, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই তারা শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।