অনলাইন জুয়া, প্রতারণা ও ডিজিটাল অপরাধের বিশাল এক নেটওয়ার্কের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চাঞ্চল্যকর এই ঘটনায় ৬১ জন ব্যক্তি ও তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তে উঠে এসেছে হাজার কোটিরও বেশি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশের সাইবার অপরাধ দমনে।
সোমবার (৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
প্রতারণার সূত্র ধরে বেরিয়ে এলো বিশাল চক্র। মামলার সূত্রপাত হয় এক অনলাইন প্রতারণার ঘটনায়। তদন্তে জানা যায়, সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারণার শিকার হয়ে পাঁচটি ব্যাংক হিসাবে প্রায় ৫১ লাখ ১২ হাজার টাকা জমা দিয়েছিলেন। এই ঘটনার সূত্র ধরে তদন্তে নামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। তদন্ত যত এগিয়েছে, ততই বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য।
হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনে সিআইডির তদন্তে দেখা গেছে— এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদারসহ মোট ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন তফসিলি ব্যাংকে ৫৯৫টি ব্যাংক হিসাব পরিচালিত হচ্ছে।
এসব হিসাব বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখতে পান—
মোট ১ হাজার ২১২ কোটি ৪ হাজার টাকা জমা হয়েছে, ১ হাজার ২০৭ কোটি ৬ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই বিপুল অঙ্কের এই অর্থ লেনদেন হয়েছে সন্দেহজনক উপায়ে।
