কুষ্টিয়ার বড়বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (০১ মার্চ ২০২৬) কুষ্টিয়া সদর উপজেলার এস.সি.বি রোড বড়বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে সংস্থাটির কুষ্টিয়া জেলা কার্যালয়। অভিযানে সেমাই উৎপাদনকারী কয়েকটি কারখানা মনিটরিং করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে ‘নাবিল ফ্লাওয়ার মিলস’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধের পাশাপাশি যথাযথ প্রক্রিয়ায় পণ্য সংরক্ষণ ও মোড়কীকরণ না করায় ‘মুনমুন ফ্লাওয়ার মিলস’-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ মাসুম আলী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়। এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে জেলা পুলিশের একটি চৌকস টিম।
ভোক্তা-অধিকার কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
