মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন নেতৃত্ব: চিফ প্রসিকিউটরের দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

নিয়োগ পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম। সোমবার দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম-এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

এদিকে দায়িত্ব গ্রহণের সময় প্রসিকিউশন টিমের সদস্যরা নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানান। পরে তিনি কার্যালয়ে গিয়ে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং চলমান মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এর আগে সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।
তাজুল ইসলামের সময়ে অভিযোগপত্র ও বিচার অগ্রগতি
২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। তার অধীনে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসব মামলার বিচার চলছে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ।

এ পর্যন্ত তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা। রায়ের অপেক্ষায় গুরুত্বপূর্ণ মামলা
রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা এবং আরও একটি আলোচিত মামলা। এরই মধ্যে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় আগামী ৪ মার্চ ঘোষণা হবে বলে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে।
এছাড়া সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারও এগিয়ে চলছে।
এসব মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক সাবেক এমপি-মন্ত্রী।
নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর চলমান বিচার দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।