শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমাকে দেখে কি বেকুব মনে হয়? পিডিকে মন্ত্রিপরিষদ সচিবের তীব্র প্রশ্ন, ১৩ বছরের শিপইয়ার্ড সড়ক প্রকল্পে তদন্তে ক্ষোভ

খুলনা জেলা প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৩ বছরেও শেষ না হওয়া খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শনে এসে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রকল্পের বাস্তব অবস্থা ঘুরে দেখে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যায় অসন্তুষ্ট হয়ে তিনি প্রকল্প পরিচালকের (পিডি) উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ থাকায় তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন। পরিদর্শনের সময় তিনি সড়কের একপাশে স্লুইসগেটের সামনে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকার বিষয়টি দেখে কেডিএর কর্মকর্তাদের ওপর বিরক্তি প্রকাশ করেন।

প্রকল্প পরিচালকের ব্যাখ্যায় অসন্তুষ্ট হয়ে তিনি বলেন, আমাকে দেখে কি বেকুব মনে হয় তোমার? তুমি এখান থেকে পানি বের হওয়ার রাস্তা তৈরি করেছ। পানি যাতে ঢুকতে না পারে সেজন্য স্লুইসগেট করেছ। আবার তার সামনে দিয়ে রেখেছ বাঁধ। এর মানেটা কী?

এ সময় তিনি সড়কের বিভিন্ন অংশ ও বাঁক ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কেডিএ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৭ মে শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প একনেকে অনুমোদন পায়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় ৯৮ কোটি টাকা। পরে ২০২০ সালের ২১ জুলাই দ্বিতীয় দফায় প্রকল্প সংশোধন করে দ্রুত কাজ শেষ করার শর্তে ২৫৯ কোটি টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এরপর আরও ছয় বছর পর প্রকল্পের ব্যয় তৃতীয় দফায় সংশোধন করে গত ৯ জুন একনেক সভায় ২৮০ কোটি টাকার প্রস্তাব উত্থাপন করা হয়।

সভায় প্রকল্পটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১৩ বছরেও প্রকল্প শেষ না হওয়ার কারণ জানতে চেয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ২৮০ কোটি টাকার সংশোধিত প্রকল্প প্রস্তাবটি ফেরত পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রকল্পটির বিলম্ব, গাফিলতি এবং কাজের মান তদন্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী। গত শনিবার তদন্ত কমিটির সদস্যরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেন সড়কটির কাজ এত দিনে শেষ হয়নি, বর্তমানে কী অবস্থায় রয়েছে এবং কাজের মান কেমন—এসব বিষয় আমরা সরেজমিনে দেখেছি। দ্রুত যাতে কাজটি শেষ হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পরে তিনি খুলনা সার্কিট হাউসে ‘শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সভায় অংশ নেন। সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।