ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়া সুখের মুহূর্ত। সেই আনন্দকে সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষের ঘরে পৌঁছে দিতে মানবিক উদ্যোগ নিলেন কুষ্টিয়ার খাজানগরের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংস্কৃতিক নেতা মজনুর রহমান।
তার উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গোরস্থানে কাজ করা শ্রমিক এবং অসহায় গরিব মানুষের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। যারা প্রতিদিন গোরস্থান খুঁড়ে মানুষের শেষ ঠিকানা তৈরি করেন, সমাজের সেই নীরব শ্রমিকদের মুখে হাসি ফোটাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজনুর রহমানের সহধর্মিণী এবং বটতৈল ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিয়া খাতুন।
তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই ক্ষুদ্র প্রয়াস।
এ সময় গোরস্থান শ্রমিক ও অসহায় পরিবারগুলো মজনুর রহমানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের মতে, সমাজের অনেকেই তাদের কথা ভুলে যায়, কিন্তু এই উদ্যোগ তাদের মনে নতুন করে মানবিকতার আলো জ্বালিয়েছে।
স্থানীয়রা জানান, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে মজনুর রহমান বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ঈদকে সামনে রেখে তার এই উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে এবং অসহায় মানুষের মুখে ফুটিয়েছে স্বস্তির হাসি।
