উড্ডয়নের কিছুক্ষণ পর বিমান বাংলাদেশের ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটে আতঙ্ক, অল্পের জন্য বড় বিপর্যয় এড়ানো। ছবি: সংগৃহীত
কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটের মূল ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। এ অবস্থায় জরুরি পরিস্থিতি ঘোষণা করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। এতে বিমানের সব যাত্রী ও ক্রু অক্ষত থাকেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, উড্ডয়নের পর খুলে পড়া চাকাটি কক্সবাজারের সমিতিপাড়া এলাকার কাছে মাটিতে পড়ে। বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবস্থা ঘোষণা করেন।
পরিস্থিতি মোকাবিলায় অবতরণের আগে উড়োজাহাজটি টাঙ্গাইল ও নাগরপুর এলাকার আকাশে কয়েক দফা চক্কর দেয়। এ সময় জ্বালানি কমিয়ে আনা হয়। একই সঙ্গে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে ফায়ার সার্ভিস ও জরুরি সেবাকর্মীদের প্রস্তুত রাখা হয়। কড়া নিরাপত্তার মধ্যে শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এ ঘটনায় যাত্রী বা ক্রুদের কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচালনাগত মান বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
ঘটনাটি উড়োজাহাজের কারিগরি নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে চাকাটি খুলে পড়ার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি তদন্তের ফল প্রয়োজন।
