শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: আল-জাজিরা

সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হলো। প্রিন্স উপাধি হারানো অ্যান্ড্রু ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই।

বিবিসির লাইভ ব্লগে বলা হয়, এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস। তিনি বলেছেন, তিনি গভীর উদ্বেগের সঙ্গে ঘটনাটি প্রত্যক্ষ করছেন। তবে আইনকে তার নিজ গতিতে চলতে দেওয়া আবশ্যক। গ্রেপ্তারের আগে রাজা বা বাকিংহাম প্যালেসের আর অন্য কাউকে জানানো হয়নি। দ্য টেলিগ্রাফ লিখেছে, যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে এমন গ্রেপ্তার নজিরবিহীন।বর্তমানে আটটি আলাদা সংস্থা তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে। এর মধ্যে সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি অ্যান্ড্রুর কাছে কোনো নারীকে পাচার করা হয়েছিল কিনা, সেই বিষয়টিও তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারের পর উইন্ডসরে অ্যান্ড্রুর সাবেক বাসভবনেও তল্লাশি চালানো হয়।

অ্যান্ড্রুর গ্রেপ্তার নিয়ে মুখ খুলেছেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড লামি। বিবিসিকে তিনি জানান, বিচারমন্ত্রী ও প্রধানমন্ত্রী বলেছেন, দেশে কেউই আইনের ঊর্ধ্বে নন। এটি এখন পর্যন্ত পুলিশি তদন্তের অংশ, যা প্রক্রিয়া মেনেই হওয়া উচিত।

সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন ভার্জিনিয়া জিফ্রে নামের এক মার্কিন নারী। সম্প্রতি এপস্টেইনের অপরাধ-সংশ্লিষ্ট বেশ কিছু নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। এতে অন্য নারীদের সঙ্গেও অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় অ্যান্ড্রুকে। ব্রিটিশ গণমাধ্যম বলছে, তাঁর গ্রেপ্তার জিফ্রের অভিযোগকে কেন্দ্র করে হলেও অন্যান্য বিষয় নিয়েও তদন্ত হবে। এর মধ্যে আছে যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে গোপন নথি আদান-প্রদানের বিষয়ও।

এক বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ তদন্তের আওতায় বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।’ বিবৃতিতে বলা হয়, সরকারি নির্দেশনা মেনে পুলিশ গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করেনি। যেহেতু মামলাটি এখন চলছে, তাই আদালত অবমাননা এড়াতে এ-সংক্রান্ত খবর প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু ফেব্রুয়ারির শুরুর দিকে উইন্ডসর শহরে অবস্থিত রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান। ওই সময় বাকিংহাম প্যালেস বলেছিল, ২০২৬ সালের শুরুতে অ্যান্ড্রুকে রয়্যাল লজ ছাড়তে হবে। তবে প্রয়াত এপস্টেইন সম্পর্কিত সর্বশেষ নথি প্রকাশের পর অ্যান্ড্রুর বাড়ি ছাড়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে মনে করা হচ্ছে। গত অক্টোবরে ছোট ভাই অ্যান্ড্রুর প্রিন্স উপাধি ও সম্মাননা বাতিল করেন রাজা তৃতীয় চার্লস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।