এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি: গণমাধ্যম থেকে সংগৃহীত
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখ স্কচটেপে শক্ত করে বাঁধা ও অর্ধনগ্ন অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের এমন অবস্থাকে ঘিরে ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বনানীর ‘আশালতা ভবন’ সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর এক পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বনানী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ স্কচটেপে বাঁধা ও অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে এক বৃদ্ধ। ছবি: গণমাধ্যম থেকে সংগৃহীত
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করার জন্য থানা-পুলিশের টিম গেছে। সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) রয়েছেন। ঘটনার বিস্তারিত তদন্তের পর বলা সম্ভব হবে।
এদিকে, ঘটনাটি কীভাবে ঘটেছে, বৃদ্ধকে কোথা থেকে সেখানে আনা হয়েছিল এবং মৃত্যুর আগে তার সঙ্গে কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়েছিল কি না—এসব প্রশ্ন সামনে এসেছে। তবে এসব বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সুনির্দিষ্ট কারণ ও প্রাথমিক তদন্তের বিষয়ে জানতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম-এর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মুখে স্কচটেপ, শরীরে ছিল না স্বাভাবিক পোশাক
সরেজমিনে দেখা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক পাশে অর্ধনগ্ন অবস্থায় বৃদ্ধের মরদেহটি পড়ে ছিল। তার মুখমণ্ডল সাদা স্কচটেপ দিয়ে পেঁচিয়ে শক্তভাবে বাঁধা ছিল।
মরদেহের এমন অবস্থায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হলেও, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত নয়। পুলিশ তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
