নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড নিয়ে আলোচনা; সাংবাদিকের সংজ্ঞা নির্ধারণে সমন্বিত প্রস্তাবের আহ্বান। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজন হলে বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, কল্যাণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিকের সংজ্ঞা নির্ধারণ, সাইবার নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে জোর
ইয়াসের খান চৌধুরী বলেন, ওয়েজবোর্ড নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরনের অচলাবস্থা চলছে। নবম ওয়েজবোর্ড যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। দশম ওয়েজবোর্ডের বিষয়ে সাংবাদিকদের দাবির পাশাপাশি নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় এসেছে।
তিনি বলেন, এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে। ওয়েজবোর্ড বাস্তবায়নে এ উদ্যোগ আরও জোরদার করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু সরকার কোনো ঘোষণা দিলেই সাংবাদিকদের কাঙ্ক্ষিত সুফল নিশ্চিত হবে না। গণমাধ্যম মালিকদেরও সাংবাদিকদের অধিকার ও কল্যাণের বিষয়ে আন্তরিক হতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে সরকারি উদ্যোগের প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে।
‘ভুয়া সাংবাদিক’ প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসা পেশাদার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিদের বিষয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এ ধরনের ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা যেমন হুমকির মুখে পড়ছেন, তেমনি জনগণ ও গণতন্ত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কারা সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।
সাইবার নিরাপত্তা নিয়ে প্রতিমন্ত্রী
সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, এই আইন গণমাধ্যম নিয়ন্ত্রণ বা সাংবাদিকদের লেখালেখি বন্ধ করার জন্য করা হচ্ছে না। জনগণকে নিরাপদ রাখাই এর মূল উদ্দেশ্য।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে হয়রানি, অসত্য তথ্য ও অপতথ্য ছড়িয়ে মানুষকে ক্ষতির মুখে ফেলার ঘটনা মোকাবিলায় সাইবার নিরাপত্তা প্রয়োজন।
ন্যায্য পারিশ্রমিক নিশ্চিতের দাবি ডিইউজের
মতবিনিময় সভায় ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে জনগণের সামনে দেশের খবর তুলে ধরেন। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করেন। অথচ তাঁরা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন।
ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, কনটেন্ট ক্রিয়েটরদের সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া উচিত নয়। ফেসবুক পেজ খুলে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাইবার নিরাপত্তার ভারসাম্য নিয়েও আলোচনা হয়।
