শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যস্ত দিনজুড়ে একাধিক কর্মসূচি

কক্সবাজার প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাতলীখাল থেকে মেরিন ড্রাইভ—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনভর কর্মব্যস্ততা। ফাইল ছবি

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এর আগে সকাল ৯টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

দিনজুড়ে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন।

দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

এরপর জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাসভবনে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

জনসভা শেষে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকতও পরিদর্শন করবেন। ব্যস্ত কর্মসূচি শেষে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

সফর ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতাকর্মীরা। সফর সফল করতে প্রশাসন ও রাজনৈতিক নেতারা সমন্বিতভাবে কাজ করছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি), বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্বোধন, পরিদর্শন ও মতবিনিময়সহ নির্ধারিত সব কর্মসূচি নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রমও শেষ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।