ছবি: সংগৃহীত
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কারাগার ফটকে উপস্থিত সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত উল-ফরহাদ জানান, নির্ধারিত প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে একই দিন আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ওইদিনই কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১১৫-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
