সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘কালো মানিক’ উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ এবার কারাগারে, গ্রেপ্তারের পেছনে দুই মামলার অভিযোগ

পটুয়াখালী জেলা প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিতে চেয়ে দেশজুড়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।

গ্রেপ্তার সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। রোববার (১৪ জুন) তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগ মৃধা গ্রেপ্তার থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিতে চেয়ে ব্যাপক আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে খালেদা জিয়া উপহারটি গ্রহণ করলেও সোহাগের পরিবারের আর্থিক স্বচ্ছলতার বিষয়টি বিবেচনা করে গরুটি তাকে ফিরিয়ে দেন। পরবর্তীতে চলতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘কালো মানিক’ গরুটি বিক্রি করেছিলেন সোহাগ মৃধা।

এক সময় ‘কালো মানিক’ উপহার দিয়ে আলোচনায়, এবার দুই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে সোহাগ মৃধা—পটুয়াখালীজুড়ে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে সেই আলোচিত নাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।