ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা থেকে মো. নাসির মিয়া (৪৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মধুমতি সেতুর টোল প্লাজার সার্ভিস লেনে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. নাসির মিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত সরোয়ার মিয়ার ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, টোল প্লাজা এলাকায় ওই ব্যক্তি পড়ে থাকার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
