সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি আফজাল হোসেন

কুমারখালী উপজেলা প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে রবিবার (১৯ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোকসা-কুমারখালী আসনের জাতীয় সংসদ সদস্য আফজাল হোসেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

মাদ্রাসার সুপার মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি ও কুমারখালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারখালী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল আহসান শামসের, নন্দলালপুর ইউনিয়ন জামায়াতের আমীর তসলিম উদ্দিন, দাতা সদস্য নুরুল ইসলাম ইউসুফ, আবু ইউসুফ ও তোফাজ্জেল হোসেন।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শুধু একটি ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি এলাকার শিক্ষা ব্যবস্থার অগ্রযাত্রার প্রতীক। নবনির্মিত একাডেমিক ভবন শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি করবে এবং পাঠদান কার্যক্রমকে অধিকতর গতিশীল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।