বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া

কুষ্টিয়া প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আন্দোলন-সংগ্রামে প্রাণোৎসর্গকারী শহীদ জুলাইযোদ্ধাদের স্মরণে কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) বেলা ২টার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানে অনুষ্ঠিত কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌর গোরস্থানে শায়িত শহীদ আব্দুল্লাহ আল মোস্তাকিন, শহীদ ইউসুফ শেখ এবং শহীদ মো. আশরাফুল ইসলামের কবর জিয়ারত করেন এনসিপি নেতৃবৃন্দ। এ সময় শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশেষ দোয়া করা হয়।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা, কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. হাবিবুর রহমান এবং জুলাই রিভোলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মাসুম বিল্লাহ। এছাড়া জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গাজীদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই আজকের নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। শহীদদের এই আত্মত্যাগ যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, সে জন্য ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শহীদদের আত্মত্যাগের স্মৃতি ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।