বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

এস এম বাদল
আগস্ট ১২, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অব্যাহত লোডশেডিং, গ্যাস সংকট, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সরবরাহ বেসরকারিকরণের অপচেষ্টা এবং জুলাই স্মৃতিস্তম্ভে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এনসিপির কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বর’ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পাঁচ রাস্তার মোড় হয়ে এনএস রোড প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বিভিন্ন দাবিতে বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন এনসিপির কুষ্টিয়া জেলা আহ্বায়ক জামানুল ফেরদৌস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক মো. গোলাম আজম (জুলিয়ান), আব্দুল মান্নান ও মো. হেলাল উদ্দিন শেখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সাজেদুর রহমান (বিপুল), যুগ্ম সদস্য সচিব শরীফুল ইসলাম সবুজ ও খন্দকার মফিজুর রহমান (শাহীন), সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্ট্যালিন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মিরাজ ও হাসিবুর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার (শহীদ জয়া)।

সমাবেশে বক্তারা বলেন, অব্যাহত লোডশেডিং ও জনদুর্ভোগ, অযৌক্তিক বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

একই সঙ্গে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থাপনায় এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান এনসিপি নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে কুষ্টিয়ার রাজপথ। জনদুর্ভোগ নিরসন ও জুলাইয়ের স্মৃতি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করেন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।