ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় বাইপাস সড়কে গ্যাস পরিবহনকারী লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজনের প্রাণহানি ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ জানান, চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বটতৈল এলাকা থেকে শহরের দিকে আসছিল। পথে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী লরির মুখোমুখি পড়ে। মুহূর্তেই ঘটে ভয়াবহ সংঘর্ষ।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু
সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।
নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকাজে ছুটে আসে স্থানীয়রা-
দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে ধ্বংসস্তূপে পরিণত অটোরিকশা থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
