মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অভিযানে জরিমানার ঝড়: মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে দুই ফ্যাশন হাউজে ২০ হাজার টাকা দণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় ভোক্তাদের স্বার্থ রক্ষায় আবারও কঠোর অবস্থানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়ম, মিথ্যা বিজ্ঞাপন ও ভ্যাট সংক্রান্ত জালিয়াতির অভিযোগে সদর উপজেলার মজমপুর ও আর.এ. খান রোড এলাকায় পরিচালিত তদারকি অভিযানে দুই ফ্যাশন হাউজকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশন ও ফ্যাশন হাউজে মনিটরিং কার্যক্রম চালানো হয়। অভিযান চলাকালে বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘনের একাধিক চিত্র উঠে আসে।

অভিযানকালে আর.এ. খান রোডের শৈশব ফ্যাশন হাউজ-এ দেখা যায়, ডিসকাউন্ট পণ্যে সঠিকভাবে ছাড়ের হার উল্লেখ করা হয়নি। পাশাপাশি অতিরিক্ত ভ্যাট আদায়কৃত পণ্যের গায়ে সেই অতিরিক্ত ভ্যাটের কোনো উল্লেখ ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ভেরো (VERO) ফ্যাশন হাউজ-এর বিরুদ্ধে ওঠে আরও গুরুতর অভিযোগ। ক্রেতাদের আকৃষ্ট করতে মিথ্যা বিজ্ঞাপন প্রচার এবং প্রতিশ্রুতি অনুযায়ী মানসম্মত পণ্য সরবরাহ না করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এদিকে পুরো অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় তাকে সহযোগিতা করেন কুষ্টিয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক।

অভিযানকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে জেলা পুলিশের একটি চৌকস টিম এবং র‍্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল দায়িত্ব পালন করে।
ভোক্তা অধিকার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ক্রেতাদের প্রতারণা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে—আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ