কুষ্টিয়ার কুমারখালিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ি দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক যুবদল নেতা ও কুমারখালি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আতিকুর রহমান সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চারজনকে আসামি করে কুমারখালি থানায় একটি এজাহার দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) দুপুর প্রায় ১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে আতিকুর রহমান সবুজ তার শ্বশুর জহুরুল আলম রতন, শহিদুল আলম, রাকিবসহ আরও ৭-৮ জনকে সঙ্গে নিয়ে কুমারখালি উপজেলার সদকি ইউনিয়নের মালিয়াট গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে আব্দুল হান্নানের বসতবাড়িতে হামলা চালান।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরের বেড়া ভাঙচুর করে এবং বাড়ির বিভিন্ন মালামাল লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে আব্দুল হান্নানের স্ত্রীকে মারধর করা হয়। এছাড়া সবুজ ও তার সহযোগীরা পরিবারের অন্যান্য সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ভুক্তভোগীর একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক যুবদল নেতা ও মেয়র পদপ্রার্থী আতিকুর রহমান সবুজ মুঠোফোনে বলেন, একটি পক্ষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
