পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয় পুলিশ। ফাইল ছবি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত রতন (১৯) ওই এলাকার হোসেন মিস্ত্রীর সেজো ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে তাকিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন জানান।
পুলিশ জানায়, মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জানা গেছে, সংবাদ লেখা পর্যন্ত নিহত রতনের দাফনের প্রস্তুতি চলছিল। তিনি দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রেখে গেছেন।
যদি আপনার পরিচিত কেউ মানসিক সংকট, হতাশা বা আত্মহানির চিন্তায় ভুগে থাকেন, তবে পরিবারের সদস্য, বিশ্বস্ত বন্ধু বা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত যোগাযোগ করা গুরুত্বপূর্ণ। সময়মতো সহায়তা অনেক ক্ষেত্রে জীবন বাঁচাতে পারে।
