কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বানেজ উদ্দিন ওই এলাকার চৌকিদার (গ্রামপুলিশ) হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত রাজীব (২৮) তারই ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বানেজ উদ্দিন একটি মহিষ বিক্রি করেন। রোববার রাতে সেই বিক্রির টাকা দাবি করেন ছেলে রাজীব। তবে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজীব তার হাতে থাকা একটি ভারী টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে বানেজ উদ্দিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মহিষকুণ্ডি এলাকায় তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
