কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মুগ্ধ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত মুগ্ধ উপজেলার আদাবাড়ি ইউনিয়নের ধর্মদহ গ্রামের রাফিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ধর্মদহ গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশের একটি নির্জন এলাকায় মানসিক প্রতিবন্ধী ওই কিশোরীকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়েছে, এ ঘটনায় অভিযুক্তকে একজন সহযোগী সহায়তা করে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মুগ্ধকে গ্রেপ্তার করে।
দৌলতপুর থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
