ছবি সংগৃহীত
কুষ্টিয়ার সদর উপজেলার বড় বাজার ও এন.এস. রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত তদারকিমূলক অভিযানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বড় বাজার এলাকার বিভিন্ন মুড়ির কারখানা ও জুতার দোকান মনিটরিং করা হয়। এ সময় মা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে মুড়ি উৎপাদনে অননুমোদিত লবণ ব্যবহার এবং প্যাকেটজাত মুড়ির মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ না করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে মুড়ি প্যাকেটজাত করার দায়ে বিশ্বাস ফুড প্রোডাক্টস-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস টিম এবং র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল নিরাপত্তা প্রদান করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
