কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দিনব্যাপী এ অভিযানে বাজারের কাঁচাবাজার ও বিভিন্ন মুদি দোকানে নজরদারি চালানো হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, ওজন, মূল্যতালিকা প্রদর্শন এবং অনুমোদনবিহীন পণ্য বিক্রির বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
অভিযানকালে অনুমোদনবিহীন খাবার স্যালাইন বিক্রয়, খোলা সেমাই ওজনে কম দেওয়া এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স নরেন্দ্রনাথ স্টোরকে ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তরুণ কুন্ড স্টোরকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর, কুষ্টিয়া উপস্থিত থেকে সহায়তা করেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে জেলা পুলিশের একটি চৌকস টিম।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
