অভিযোগের পরও দীর্ঘদিন ফাইলবন্দি তদন্ত, ক্ষোভে অভিভাবক ও এলাকাবাসী। ফাইল ছবি
নোয়াখালী জেলার দক্ষিণাঞ্চলের কোম্পানীগঞ্জ উপজেলার চরগাংচিলে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত গাংচিল কে এন (কবি নজরুল) উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগে আলোচিত। এবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৯ লাখ ১০ হাজার ৬৫৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই বিদ্যালয়ের বিভিন্ন আর্থিক কার্যক্রমে অনিয়মের সৃষ্টি হয়। এসব অনিয়মের ধারাবাহিকতায় বিদ্যালয়ের তহবিল থেকে ৯ লাখ ১০ হাজার ৬৫৮ টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্বশীল সদস্য এবং সংশ্লিষ্টরা প্রতিবাদ জানালেও কার্যকর কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদ হোসেন গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিষয়টি এখনো তদন্তের দৃশ্যমান অগ্রগতি ছাড়াই ফাইলবন্দি হয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগের দ্রুত নিষ্পত্তি অত্যন্ত জরুরি। এখন সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে পুরো এলাকাবাসী।
এসব অভিযোগের জানতে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এজন্য তার বক্তব্য প্রকাশ করা গেল না। বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে প্রকাশ করা হবে। বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে। চলবে…..
