সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গড়াই নদীতে নিভে গেল দুই নিষ্পাপ প্রাণ: গোসল করতে নেমে তায়েবা ও সুরাইয়ার মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গড়াই নদীর তীরে ভিড় করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় গড়াই নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) পৃথক সময়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল মরদেহ দুটি উদ্ধার করে। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত দুই শিশু হলো—তায়েবা (৭) ও সুরাইয়া (৮)। তায়েবা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের ফারুকের মেয়ে এবং সুরাইয়া একই গ্রামের সোহেলের মেয়ে। দুই শিশুই ছিল আপন বান্ধবী, একসাথে খেলাধুলা আর হাসি-আনন্দে কাটতো তাদের দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে ওসমানপুর গ্রামের গড়াই নদীর খেয়াঘাট সংলগ্ন এলাকায় চার বান্ধবী নদীর তীরে খেলছিল। খেলার একপর্যায়ে তারা সবাই মিলে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা সাঁতরে একটু দূরের দিকে এগিয়ে গেলে হঠাৎ নদীর প্রবল স্রোতে বিপদে পড়ে যায়।

এসময় কাছাকাছি থাকা একটি নৌকার মাঝি দ্রুত ছুটে এসে দুই শিশুকে পানি থেকে টেনে তুলতে সক্ষম হন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্রোতের টানে নদীর গভীরে তলিয়ে যায় তায়েবা ও সুরাইয়া। মুহূর্তেই আনন্দমুখর বিকেল রূপ নেয় কান্না আর আতঙ্কে।

এদিকে দুর্ঘটনার পরপরই খোকসা ফায়ার সার্ভিসের একটি টিম এবং স্থানীয়রা প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ দুই শিশুর কোনো খোঁজ মেলেনি। পরে খুলনা থেকে নৌবাহিনীর ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে রোববার তারা নদীর গভীর থেকে তায়েবা ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।

আবার খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আলতাফ হোসেন জানান, নদীর তীব্র স্রোতের কারণে দুই শিশু তলিয়ে গিয়ে গভীর পানিতে আটকে ছিল। খুলনা থেকে আসা ডুবুরি দলের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুই শিশুর মৃত্যুর খবরে পুরো ওসমানপুর গ্রামে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। যে নদীর তীরে একটু আগেও ছিল শিশুদের হাসি-খেলা, সেই নদীই আজ কেড়ে নিল দুটি নিষ্পাপ প্রাণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ