৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। একই দিনে তিনি নেছারাবাদ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে সরকারি পোশাকও বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেন, আমাদের ওপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে বর্তমানে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। খুব শিগগিরই দেশের অর্থনীতি আরও শক্তিশালী অবস্থানে ফিরে আসবে।
তিনি আরও বলেন, নেছারাবাদের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এলাকার উন্নয়নের স্বার্থে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। শিক্ষা, অবকাঠামো ও জনসেবামূলক খাতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নেছারাবাদকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
