সদ্য অনুষ্ঠিত জাতীয় গণভোটের ফলাফল ও বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনকারী জনস্বার্থে এ রিট দায়ের করেছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, বিচারপতি ফাতেমা নজীব-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত গণভোটে ‘পরিবর্তন’-এর পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়। মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
পরদিন ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭।
রিটের শুনানির তারিখ নির্ধারণ হলে পরবর্তী আইনি প্রক্রিয়া ও গণভোটের ফল বহাল থাকবে কি না—তা নির্ভর করবে আদালতের আদেশের ওপর। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
