সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমে ‘সময়ের সঙ্গে রূপান্তর’: স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের মতামত নেবে সরকার — তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আজ বেসরকারি টেলিভিশন চ্যানেল আই পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় মন্ত্রীকে স্বাগত জানান টেলিভিশনটির কর্মকর্তারা। ছবি: বাসস

সময়োপযোগী রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের মতামতকে প্রাধান্য দিয়েই নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর চ্যানেল আই ভবন পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি গণমাধ্যমের সামনে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

চ্যানেল আই ভবনে মন্ত্রীকে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরউদ্দিন মাহমুদ মামুন এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এ সময় মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফরিদুর রেজা সাগর।
‘মধুর ক্যান্টিন থেকে মন্ত্রণালয়’ শীর্ষক স্মারকে ছাত্ররাজনীতি থেকে জনপ্রতিনিধি ও মন্ত্রী হওয়ার পথে প্রায় পাঁচ দশকের রাজনৈতিক পথচলার উল্লেখ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রোগ্রাম অপারেশনস) হারুন রশীদ এবং জনপ্রিয় টক-শো তৃতীয় মাত্রা–এর সঞ্চালক জিল্লুর রহমান।

মতবিনিময় সভায় সংবাদ ব্যবস্থাপনায় বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ, এআই যুগে অপতথ্যের বিস্তার, সম্প্রচার ব্যবস্থার ডিজিটাইজেশন, টেলিভিশনের আর্থিক স্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামোসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
তথ্যমন্ত্রী বলেন, “নতুন বাস্তবতায় সমন্বিত সমাধান প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাজনীতি ও গণমাধ্যমকে কর্তৃত্ববাদী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরিবর্তনের মাধ্যমে জনগণ যে বার্তা দিয়েছেন, তা অনুধাবন করে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের মতামত নিয়েই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আই সংবাদ বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, চ্যানেল আই নিউজের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামানসহ বার্তা বিভাগের সাংবাদিকরা।

পরে দেশের টেলিভিশন ইতিহাসে প্রথমবারের মতো এআই প্রযুক্তিতে নির্মিত একটি মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর রচিত নাতে রাসুলে কণ্ঠ দেন অভিনেত্রী-শিল্পী কুসুম সিকদার।
অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী চ্যানেল আইয়ের সংবাদ বিভাগ পরিদর্শন করেন এবং সংবাদকক্ষে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।