রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে বিএনপি নেতার ২ বাসে অগ্নিসংযোগ, যশোরে চাঞ্চল্য

যশোর জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

যশোরে গভীর রাতের নীরবতা ভেঙে রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে গেল এক বিএনপি নেতার দুটি বাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরতলীর বাহাদুরপুর মেহগনিতলা এলাকায় পার্কিং করা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে একটি বাস সম্পূর্ণ ছাই হয়ে গেছে, অপরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাস দুটির মালিক আবু বক্কার সিদ্দিক বেলাল, যিনি নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সিনিয়র সদস্য। তিনি জানান, বাস দুটি যশোরের বিভিন্ন স্কুল-কলেজে চুক্তিভিত্তিক ভাড়ায় চলত। তবে গত দুই মাস ধরে টেন্ডার না হওয়ায় বাসগুলো মেহগনিতলা এলাকায় পার্কিং করে রাখা ছিল।
রাতের আঁধারে হঠাৎ খবর পান—তার বাসে আগুন! দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন একটি বাস দাউদাউ করে জ্বলছে। মুহূর্তের মধ্যে তিনি পাশে থাকা অন্য বাসটি সরিয়ে নেন, না হলে সেটিও পুরোপুরি পুড়ে যেত।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে একটি বাস পুরোপুরি পুড়ে যায়। মালিকের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পরপরই কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ ও পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কাজী বাবুল হোসেন জানান, আগুন লাগার সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করেছে—তা নিয়ে চলছে নানা জল্পনা। রাতের আঁধারে পরিকল্পিত নাশকতা, নাকি ব্যক্তিগত বিরোধ? তদন্তেই মিলবে উত্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।