সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোয়েন্দা তৎপরতায় ‘জিরো টলারেন্স’ বার্তা জিএমপি কমিশনারের—মাদক, জুয়া, সাইবার অপরাধ ও জালিয়াতি দমনে কঠোর নির্দেশনা

আবু সাঈদ চৌধুরী
জুলাই ১২, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ডিবির কার্যক্রম আরও গতিশীল করতে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা; ২৪ ঘণ্টা গোয়েন্দা নজরদারি, ছদ্মবেশে অভিযান ও তথ্যভিত্তিক অপারেশনের ওপর জোর। ছবি : সমতল মাতৃভূমি

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই ২০২৬) দুপুর ১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি গোয়েন্দা কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, মহানগর এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ (পর্নোগ্রাফিসহ অন্যান্য), অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে জড়ানো, হানি ট্র্যাপ, ভিসা জালিয়াতিসহ বিভিন্ন ধরনের জালজালিয়াতি, মাদক তৈরির কারখানা এবং ভেজাল মসলা, ভেজাল ওষুধসহ বিভিন্ন ভেজাল পণ্যের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে নিয়মিত ও পরিকল্পিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি সংস্কারকৃত নতুন আইনসমূহ—বিশেষ করে সন্ত্রাস দমন আইন ও জুয়া আইন, কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ কমিশনার আরও নির্দেশনা দেন, অপরাধ দমনে প্রয়োজন অনুযায়ী ছদ্মবেশে গোয়েন্দা অভিযান পরিচালনা করতে হবে। দিন-রাত ২৪ ঘণ্টা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখে বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন নাইট কোচের যাত্রাবিরতির স্থান, গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং অপরাধপ্রবণ এলাকায় নিবিড় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার ওপর তিনি জোর দেন।

এছাড়াও টঙ্গীসহ মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার, ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন, অনলাইনভিত্তিক প্রতারণা, পর্নোগ্রাফি সংশ্লিষ্ট অপরাধ, হানি ট্র্যাপ এবং স্ট্যাম্প ও ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।