শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুরির অভিযোগে যুবককে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়; আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

হারুন অর রশীদ
জুলাই ৪, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সমতল মাতৃভূমি

কুষ্টিয়ার দৌলতপুরে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করে কোমর ও গলায় দড়ি বেঁধে বিভিন্ন এলাকায় ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়রা ওই যুবককে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ ছিল। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনের একটি ব্যাগ নিয়ে পালানোর সময় সাগর হোসেন (৩০) নামে ওই যুবককে স্থানীয়রা হাতেনাতে আটক করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর সাগর হোসেনের কোমর ও গলায় দড়ি বেঁধে তাকে বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। একপর্যায়ে হাসপাতাল চত্বরে তাকে বেঁধে রাখা হয়। পরে স্থানীয়রা তাকে দৌলতপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠালে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দড়ি বাঁধা অবস্থায় ওই যুবককে একজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন। তার পেছনে স্থানীয় কয়েকজনকে হাঁটতে দেখা যায় এবং আশপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।