সিলেটে ইফতার মাহফিল। ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামে চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি কর্মী এম আহমেদ মধু মিয়ার বাড়িতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে চুরি করা গরু জবাই করা হয়। বিষয়টি প্রকাশ্যে এলে সমালোচনার ঝড় ওঠে।
জানা গেছে, গত ৬ রমজান ‘ইউনাইটেড গলমুকাপন ট্রাস্ট’-এর ব্যানারে আয়োজিত ওই ইফতার মাহফিলে রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরদিন একই গ্রামের নাজমুলের একটি গরু চুরির ঘটনা প্রকাশ পায়। পরে তিনি জানতে পারেন, তার গরুটি ইফতার আয়োজনেই জবাই করা হয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ ওঠে, প্রবাসী মধু মিয়ার বাড়ির তত্ত্বাবধায়ক মো. সাইদি গরুটি চুরি করে জবাই করেন এবং গরু কেনার জন্য দেওয়া টাকাও আত্মসাৎ করেন। গ্রামের সালিসে তিনি দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।
ঘটনা জানার পর মধু মিয়া গরুর মালিককে মূল্য পরিশোধ করেন এবং ক্ষোভ প্রকাশ করে শনিবার সন্ধ্যায় দেশ ত্যাগ করেন। একই সঙ্গে অভিযুক্ত তত্ত্বাবধায়ককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
