বিএনপির নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘দেশের মানুষের স্বার্থই সব থেকে আগে, তাদের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখেই পররাষ্ট্রনীতি ঠিক করবো আমরা।
এসময় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,কোনো একক দেশের প্রতি আনুগত্য নয়- পারস্পরিক সম্মান, সমতা এবং বিশ্বাসের ভিত্তিতেই ঠিক হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি।’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি- এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।’
নির্বাচনের পর উসকানি দেওয়া হচ্ছে- এমন দাবি করে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য শত উসকানির মুখেও আমি সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে।
কোনো রকমের বেআইনি কর্মকাণ্ড ‘বরদাশত করা হবে না’ উল্লেখ করে তারেক রহমান বলেন, দলমত ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না।’
দলের আন্তঃকোন্দলের বিষয়টিও ইঙ্গিত করেন তিনি।
তারেক রহমান বলেন,নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানাই।’
