স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
জরুরি ভিত্তিতে পুলিশ বাহিনীর জনবল সংকট কাটাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শূন্য থাকা পদ পূরণে আপাতত ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদারসহ জঙ্গিবাদ দমন এবং মাদক-চোরাচালানবিরোধী অভিযানের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ-এর সব পর্যায়েই জনবল ঘাটতি রয়েছে। বর্তমানে ২ হাজার ৭০১টি কনস্টেবলের পদ শূন্য থাকায় বিদ্যমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান
অবৈধ অস্ত্রের বিষয়ে কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনৈতিক বিবেচনায় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কায় যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো বাতিল করা হবে। লাইসেন্স বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হবে এবং এ বিষয়ে দ্রুত সার্কুলার জারি করা হবে।
তিনি আরও বলেন, বৈধ লাইসেন্সধারীদের মধ্যেও প্রায় ১০ হাজার অস্ত্র এখনো জমা দেওয়া হয়নি। আইন অনুযায়ী এগুলো অবৈধ হয়ে গেছে এবং সেগুলো উদ্ধারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট সেবায় ভোগান্তি কমাতে উদ্যোগ
পাসপোর্ট অফিসে দালালচক্র ও ভোগান্তির অভিযোগের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ই-পাসপোর্ট চালুর পর সমস্যা কিছুটা কমলেও এখনও অনেক আবেদনকারী অনলাইন প্রক্রিয়ায় অভ্যস্ত নন। এ সুযোগে কিছু অসাধু ব্যক্তি ও অফিসের ভেতরের যোগসাজশে ভোগান্তি তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে নতুন পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালুর চিন্তাভাবনা চলছে, যা সফল হলে দেশব্যাপী বাস্তবায়ন করা হবে।
