বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাহিদ ইসলামের হুঁশিয়ারি, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও গণআন্দোলন’ কালীগঞ্জের পথসভায় এনসিপি আহ্বায়ক

আবু সাঈদ চৌধুরী
জুলাই ৭, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সমতল মাতৃভূমি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বর্ণাঢ্য ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী ৬৪ জেলা, ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সোমবার (৬ জুলাই) বিকেলে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিএনপি সরকার গঠনের পর সেই জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা এবং জাতির সঙ্গে গাদ্দারি করেছে।

তিনি বলেন, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় অতীতে যেভাবে জনগণ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, একইভাবে বর্তমান সরকারের বিরুদ্ধেও গণআন্দোলন গড়ে উঠবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল, তা দেশের মানুষ ভালোভাবেই জানে। এখন কেউ লন্ডন থেকে, কেউ সিলং থেকে এসে নেতৃত্বের দাবি করছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, তাহলে সেই নেতৃত্বের দাবিও ছেড়ে দিন, বলেন তিনি।

বক্তব্যে তিনি জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, বিদ্যুৎ সংকট নিরসন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ এলাকার মাদক সমস্যাই নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফলে দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ হাদী, কালীগঞ্জের ওমর ফারুকসহ সকল শহীদের হত্যার বিচার দ্রুত নিশ্চিত করারও দাবি জানান এনসিপি আহ্বায়ক।

গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মহাসচিব আখতার হোসেন এমপি এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, প্রভাষক আফরিনা আক্তার, জাতীয় ছাত্রশক্তি গাজীপুর জেলা শাখার মুখ্য সংগঠক মাহিব হোসেন রুদ্রসহ জেলা, উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিকে সামনে রেখে আয়োজিত এ পদযাত্রা ও পথসভাকে এনসিপির মাসব্যাপী কর্মসূচির গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে উল্লেখ করেন দলটির নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।