শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ উপকূলে রাতের অভিযান: নারী-শিশুসহ ৫৫ উদ্ধার, ধরা পড়ল পাচারচক্রের ৫ সদস্য

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলে গভীর রাতের রুদ্ধশ্বাস অভিযানে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে মালয়েশিয়ায় পাচারের চেষ্টায় জড়িত সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় জড়ো হয়েছে। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি বিশেষ দল দ্রুত অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। শুরু হয় ধাওয়া—অন্ধকার সাগরে টানটান উত্তেজনা। অবশেষে বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে নৌকাটি ঘিরে ফেলে কোস্ট গার্ড সদস্যরা।
নৌকায় তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং পাচারচক্রের ৫ সদস্যকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচারকারীরা টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল। কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও উপকূলজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।