মাহদী হাসান মুরাদ ছবি: সংগৃহীত
ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (আজ) সকাল সাড়ে ৭টার দিকে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি লালমনিরহাট জেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িকভাবে আব্দুলপুর জংশনে অবস্থান করছিল। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্মের একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। ঠিক তখনই লাইন পরিবর্তনরত একটি চলমান ট্রেনের ইঞ্জিন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে উঠে যায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। বিভাগের সভাপতি, প্রশাসন এবং ঘটনাস্থলে অবস্থানরত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে—কীভাবে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে।”
ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেরেজ্জামান বলেন, “আব্দুলপুর থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আমরা এ মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত এবং নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
এই আকস্মিক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা মাহদী হাসান মুরাদের অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
