ছবি: ভিডিও থেকে নেওয়া
স্বাস্থ্যসেবাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বড় প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, এমন এক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে রোগীকে আর ডাক্তারের খোঁজে দৌড়াতে হবে না—বরং ডাক্তারই পৌঁছে যাবেন মানুষের দোরগোড়ায়।
শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদী ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চিকিৎসাসেবাকে সহজলভ্য, মানবিক ও সার্বজনীন করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে স্বাস্থ্যখাতে চলমান সংস্কার কার্যক্রম সফল হবে বলে তিনি বিশ্বাস করেন। নির্বাচনে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার প্রতিই সরকারের সমান দায় রয়েছে উল্লেখ করে তিনি প্রতিহিংসা ভুলে ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, দ্রুত নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ২৫০ শয্যার হাসপাতালসহ যেসব স্বাস্থ্যসেবা কেন্দ্র এখনো পুরোপুরি চালু হয়নি, সেগুলো দ্রুত সচল করার প্রতিশ্রুতি দেন তিনি। জেলার স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের কথাও জানান মন্ত্রী।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, ঘোষিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে নরসিংদীর স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
