ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে একতরফা লড়াইয়ে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট—যা এ আসনে এক প্রভাবশালী জনসমর্থনেরই প্রমাণ।
প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে ‘অপ্রতিরোধ্য’ জয়
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা (ফুটবল প্রতীক) পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।
সংখ্যার হিসেবে—
জাবেদ মিয়ার চেয়ে ৫৭ হাজার ৭৫২ ভোট বেশি,
তাসনিম জারার চেয়ে ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন হাবিবুর রশিদ।
এমনকি দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর সম্মিলিত ভোটের চেয়েও বেশি ভোট পেয়েছেন তিনি—যা এই আসনে তার শক্ত অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।
ফল ঘোষণা-
শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
তিনি জানান, পোস্টাল ভোটসহ মোট ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটের পরিসংখ্যান এক নজরে-
*মোট ভোটার: ৪,৬৯,৩৫৬ জন
*মোট ভোট পড়েছে: ২,২১,৬৮১
*বাতিল ভোট: ৩,৯৯৩
*বৈধ ভোট: ২,১৭,৬৮৮
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান (হাতপাখা) পেয়েছেন ৫,৮২৭ ভোট এবং জাতীয় পার্টি প্রার্থী কাজী আবুল খায়ের (লাঙ্গল) পেয়েছেন ১,০০২ ভোট।
আদর্শ ও প্রজ্ঞার’ জয়-
দীর্ঘ রাজনৈতিক পথচলায় সাদামাটা জীবনযাপন, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে হাবিবুর রশিদকে অনেকেই একজন আদর্শ ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব হিসেবে দেখেন। এবারের বিপুল ভোটে বিজয় যেন সেই জনআস্থারই প্রতিফলন।
ঢাকা-৯-এ এই ফলাফল শুধু একটি আসনের জয় নয়—বরং এটি রাজনৈতিকভাবে একটি শক্ত বার্তা। এখন নজর থাকবে, সংসদে গিয়ে তিনি কীভাবে তার প্রতিশ্রুতির বাস্তবায়ন করেন এবং এলাকার উন্নয়নে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
