ছবি সংগৃহীত
তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোগান্তির আশঙ্কায় ময়মনসিংহে ফিলিং স্টেশনগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশনকে কঠোর সতর্কতা দেওয়া হয় এবং একটিকে অর্থদণ্ডও করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহ সদর ও মাসকান্দা এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হাসান এর নেতৃত্বে এই সতর্কতামূলক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে সদর ও মাসকান্দা এলাকার স্টার ফিলিং স্টেশন, বাইপাস এলাকার এসইপিএল ফিলিং স্টেশন, মেসার্স সওদাগর ফিলিং স্টেশন এবং নিটল ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট স্টেশন মালিক ও কর্মচারীদের তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়, যেন সাধারণ ক্রেতারাও অতিরিক্ত তেল মজুদ করতে না পারেন—সেই বিষয়েও ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
অভিযান চলাকালে বাইপাস এলাকার এসইপিএল ফিলিং স্টেশন কিছু সময়ের জন্য তেল সরবরাহ বন্ধ রাখায় আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় স্টেশনটিকে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে দ্রুত তেল সরবরাহ কার্যক্রম চালু করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন জানিয়েছে, বাজারে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
