নির্বাচনে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ছবি: এএফপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে নারী ভোটার ও প্রার্থীদের জন্য সহিংসতামুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নির্বাচন একটি মৌলিক অধিকারভিত্তিক প্রক্রিয়া। এতে নারী, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের নিরাপদ ও সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের সময় সাইবার বুলিং, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার, পরিকল্পিত অনলাইন হয়রানি, ছবি বিকৃত করে প্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট ছড়িয়ে নারী ভোটার ও প্রার্থীদের হেনস্থা করার প্রবণতা নিয়ে বিভিন্ন নারী সংগঠন, রাজনৈতিক নেত্রী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা যে উদ্বেগ প্রকাশ করেছেন—জাতিসংঘ তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, নির্বাচনকে ঘিরে সহিংসতা বা ভয়ভীতি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তাই নারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের বৈষম্য, ভয়ভীতি ও সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে সব রাজনৈতিক দল, প্রার্থী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও নাগরিক সমাজকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে জাতিসংঘ বলেছে—শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনই একটি টেকসই গণতন্ত্রের ভিত্তি।
