ফাইল ছবি
দেশীয় ফলের মিষ্টি সুবাস, আন্তরিকতার উষ্ণতা আর সাংবাদিকদের প্রাণবন্ত মিলনমেলায় মুখর হয়ে উঠেছিল গাজীপুর। সৌহার্দ্য, সম্প্রীতি ও বাঙালিয়ানার আবহে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, গাজীপুর জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬’।
গত ৪ জুলাই ২০২৬ (শনিবার) বিকেলে গাজীপুর মহানগরের বি.আই.ডি.সি. বাজার তালুকদার কমপ্লেক্স (দ্বিতীয় তলা)-এ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই ব্যতিক্রমী উৎসব প্রাণের বন্ধনে একত্রিত করে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের।
উৎসবস্থলজুড়ে সাজানো হয়েছিল দেশীয় মৌসুমী ফলের বর্ণিল সম্ভার। রসালো আম, কাঁঠাল, জাম, লিচু, আনারস, লটকনসহ নানা সুস্বাদু ফলের সমারোহ যেন বাঙালির চিরচেনা ঐতিহ্য ও প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে।
আয়োজকদের ভাষ্য, পেশাগত ব্যস্ততার মাঝেও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশীয় ফলের পুষ্টিগুণ ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান চৌধুরী, সভাপতি, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, গাজীপুর জেলা কমিটি। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি পুন্নু, সাধারণ সম্পাদক মরিয়ম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমা ইসলাম, সাংবাদিক সান্ত্বনা সরকার, সম্মানিত সদস্য শফিকুল ইসলাম, আহসাম, মিনহাজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল (দলিল লেখক, টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিস), আব্দুল বারী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর, সালেহে উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর সাংবাদিক সংস্থা ইউনিটি, জহিরুল ইসলাম, সমাজসেবক, হাবিবুর রহমান, গাজীপুর প্রেস ক্লাব, আব্দুল্লাহ, সমাজসেবক।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন চৌধুরী (পূবাইল আদর্শ কলেজ), খন্দকার ওয়াহিদ হোসেন সাকুলাত, উপদেষ্টা এবং রাজু আহম্মেদ (একুশে সংবাদ)।
বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত মানুষের কথা তুলে ধরতে নিরলসভাবে কাজ করেন। তাই এমন মিলনমেলা শুধু আনন্দের নয়, বরং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। একই সঙ্গে দেশীয় ফলের পুষ্টিগুণ, কৃষকের পরিশ্রম এবং বাঙালির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও আমাদের সামাজিক দায়িত্ব।
অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং অতিথিরা অংশ নেন। ফল আস্বাদন, সৌহার্দ্য বিনিময় ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় ‘মৌসুমী ফল উৎসব-২০২৬’।
