সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে এনজিওর লাখো টাকা আত্মসাতের অভিযোগ, মাঠকর্মীর পাল্টা দাবি

হারুন অর রশীদ
জুন ৩০, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে অবস্থিত মেসার্স ইদ্রিস ট্রেডার্স পরিচালিত একটি এনজিওর মাঠকর্মীর বিরুদ্ধে প্রায় ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত কর্মী এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে চাকরি ছেড়েছেন।

প্রতিষ্ঠানটির মালিক মো. ইদ্রিস আলী অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে হিরা নামের এক নারী মাঠকর্মী তাদের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি কোনো ধরনের পূর্ণাঙ্গ হিসাব-নিকাশ না দিয়েই চাকরি ছেড়ে চলে যান।

তার দাবি, হিরার দায়িত্বে থাকা বিভিন্ন গ্রাহকের কাছে মোট প্রায় ১৩ লাখ টাকার ঋণ ও আদায়যোগ্য অর্থ ছিল। পরবর্তীতে মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে তিনি প্রায় ৫ লাখ টাকার হিসাব পেলেও বাকি প্রায় ৮ লাখ টাকার কোনো হিসাব মেলেনি। এ ঘটনায় প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইদ্রিস আলী আরও বলেন, অভিযুক্ত কর্মীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সহযোগিতা করেননি। ফলে বিষয়টি নিয়ে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

অন্যদিকে, অভিযুক্ত মাঠকর্মী হিরা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, চাকরি ছাড়ার আগে মাঠে থাকা সকল হিসাব ও অর্থ যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন। তার ভাষ্য, প্রতিষ্ঠানের মালিক প্রায়ই তাকে বলতেন, “সিট রেখে চলে গেলেও ফিল্ড বুঝিয়ে দিতে হবে না। এ ধরনের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি চাকরি ছেড়ে দেন।

তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে আনা টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।