৩ পিস ইয়াবা ও ৯টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, এলাকাবাসীর অভিযোগ—মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। ছবি সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে মাদকসহ এক যুবককে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আক্কেল বিশ্বাসের ছেলে মো. রুপচাঁদ আলী।
এ সময় রুপচাঁদ আলীর কাছ থেকে ৩ পিস ইয়াবা ও ৯টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন এলাকাবাসী। পরে তাকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা শাকিবুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, ৫ আগস্টের পর থেকে এলাকায় মাদকের অপব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। পাড়া-মহল্লায় সহজেই মাদক পাওয়া যাচ্ছে বলে অভিযোগ তাদের। পরিস্থিতির অবনতি হওয়ায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে এলাকাবাসী একত্রিত হয়ে অভিযান চালায়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় রুপচাঁদ আলীকে হাতেনাতে আটক করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, মাদকের ক্রেতাকে আটক করা হলেও মূল মাদক কারবারিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এছাড়া মাদকসহ একজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কিছু মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে এলাকাবাসীর ওপর হামলার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, এলাকাবাসী ৩ পিস ইয়াবা ও ৯টি টাপেন্টাডল ট্যাবলেটসহ রুপচাঁদ আলী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের দাবি, মাদকের বিস্তার রোধে শুধু খুচরা বিক্রেতা বা ক্রেতা নয়, মূল মাদক সিন্ডিকেট ও গডফাদারদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
