কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দিনের বেলায় প্রকাশ্যে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। অস্ত্রের মুখে জিম্মি করে ব্র্যাকের এক মাঠকর্মীর কাছ থেকে সংগ্রহ করা ঋণের কিস্তির প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন ব্র্যাকের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা।
জানা গেছে, সুমাইয়া আক্তার মিতা দৌলতপুরের হোসেনাবাদ ব্র্যাক অফিসে মাঠকর্মী হিসেবে কর্মরত। তিনি পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চারুলিয়া গ্রামের বাসিন্দা এবং ফরহাদ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন সুমাইয়া। পথিমধ্যে কলেজপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মুখোশধারী দুই ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে তাকে জিম্মি করা হয়।
একপর্যায়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলাকারীদের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে থাকা কালেকশনের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে পাশের একটি পাটক্ষেতের ভেতর দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।
হামলায় সুমাইয়ার হাত ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী সুমাইয়া আক্তার মিতা বলেন, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে দুই অস্ত্রধারী ব্যক্তি আমাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়। তাদের মুখ ঢাকা ছিল, তাই কাউকে শনাক্ত করতে পারিনি।
হোসেনাবাদ ব্র্যাক অফিসের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, আমাদের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা কালেকশনের টাকা নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়েন। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। আমরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ব্র্যাকের এক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
দিবালোকে সংঘটিত এই ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। :::
