ছবি : সমতল মাতৃভূমি
কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তহিদুল হাসান (তুহিন), দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), দৌলতপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার আলী এবং এফডব্লিউভি শহিদা খাতুন।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দৌলতপুরে পরিবার পরিকল্পনা বিভাগে বিশেষ অবদান রাখায় কর্মরত এফডব্লিউভিসহ মোট ৬ জনকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
